নানকের নেতৃত্বে আ. লীগ নেতারা আগরতলায়, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।

স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, প্রতিনিধি দলে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও ৭ থেকে ৮ জন নেতা রয়েছেন। বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা ঘুরে দেখার কথা রয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব স্থলবন্দর ব্যবহার করে দেশে ফেরার চেষ্টা করতে পারেন বলে আলোচনা রয়েছে, আগরতলা-আখাউড়া স্থলবন্দর সেগুলোর মধ্যে অন্যতম।

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলা স্থলবন্দরে আসার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর অভিমুখে অবস্থান নেওয়ার প্রস্তুতি নেন বলে জানা গেছে। ইতোমধ্যে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী স্থলবন্দর এলাকায় জড়ো হয়ে অবস্থান করছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ফ্যাসিস্ট সরকার ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতে পালিয়ে গেছে। ইতোমধ্যে তারা খবর পেয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। এসব সীমান্তের যেকোনো একটি প্রবেশপথ দিয়ে নাশকতা করার উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে তারা প্রবেশের চেষ্টা করতে পারেন।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী তাদের নেতাকর্মীরা সীমান্তে অবস্থান করছেন, যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করে নাশকতা চালাতে না পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970