আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
লক্ষ্মীপুর জেলা আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে আদালত এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে সহকারী সরকারি কৌঁসুলি আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে কারাগারে নেওয়ার জন্য তাদের প্রিজনভ্যানে তোলার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার পর বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিবাদ মিছিল করেন।
শাকিল পাটওয়ারী আরও জানান, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক রাজু আহমেদকে জামিন দেন। অন্যদিকে চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
অভিযোগ ওঠা মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জামিন পাওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি। এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। বর্তমানে আবারও ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জামিনে বের হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের এবং আইনজীবীদের হুমকি দিচ্ছেন। এমনকি কিছু আইনজীবীও তাদের উৎসাহ ও সমর্থন দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।