নেইমারের প্রত্যাবর্তনের রাতে দাপুটে জয়, নকআউটে ব্রাজিল
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:০১ পিএম
ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্য এবং নেইমারের আবেগঘন প্রত্যাবর্তনের রাতে বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে রায়ানের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র।
প্রথমার্ধে আরও একবার বল জালে পাঠালেও সেটি বাতিল হয়ে যায়। তবে বিরতির ঠিক আগে ব্রুনো গিমারেসের দারুণ ক্রস থেকে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস। চলতি প্রতিযোগিতায় এটি ছিল তার চতুর্থ গোল।
দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার সেগুলো সফলভাবে প্রতিহত করেন। এরপর ৫৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মাথিয়াস কুনিয়া। কাসেমিরো ও ব্রুনো গিমারেসের যৌথ আক্রমণ থেকে পাওয়া বল জালে জড়িয়ে দলের জয় প্রায় নিশ্চিত করেন তিনি।
তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে ৭৬তম মিনিটে। দীর্ঘদিন চোটে ভোগার পর প্রায় আড়াই বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন নেইমার। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সঙ্গে সঙ্গেই গ্যালারিজুড়ে ধ্বনিত হয় তার নাম। যদিও অল্প সময় মাঠে থাকায় বড় কোনো প্রভাব রাখতে পারেননি তিনি।
ম্যাচ শেষে জয়োৎসবে মেতে ওঠে ব্রাজিল শিবির। তিন ম্যাচে সাত পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল।