দেশের ৮ বিভাগে মাহফিল করার ঘোষণা মিজানুর রহমান আজহারীর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
দীর্ঘ এক বছরের বিরতির পর দেশের ৮টি বিভাগে আবারও আউটডোর তাফসিরুল কুরআন মাহফিল করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে আজহারী লেখেন, এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও তার আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আবহমান কাল ধরে ওয়াজ মাহফিল বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এসব আয়োজন সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে আজহারী বলেন, সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কুরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করতে না পারে, সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মাহফিলের প্রকৃত উদ্দেশ্য তুলে ধরে তিনি আরও বলেন, এসব আয়োজনের সার্থকতা শুধু বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং কুরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তা মানুষের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হলেই মাহফিলের প্রকৃত সার্থকতা অর্জিত হবে। এর মাধ্যমে ব্যক্তি থেকে পরিবার এবং পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজহারী লেখেন, কুরআনের সার্বজনীন বার্তা মানুষকে সঠিক জীবনদর্শন শেখায় এবং চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই কুরআনের মাহফিল শুধু জনসমাগমের আয়োজন না হয়ে জীবন বদলের আয়োজন হওয়া উচিত।
পোস্টের শেষাংশে তিনি শিগগিরই দেশের বিভিন্ন শহরে দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।