আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার প্রায় দেড় মাস পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি।

সোমবার নিজের হাতে লেখা একটি নোট ইনস্টাগ্রামে প্রকাশ করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। গত জুলাইয়ে স্পেনের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে যাওয়া বিশ্বকাপ ফাইনালই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ হয়ে থাকল।

নোটের শেষে একটি টীকায় মেসি লেখেন, তিনি ফাইনালের দুই দিন পর ২১ জুলাই এই কথাগুলো লিখেছিলেন। বাবার মৃত্যুর ঘটনার পর জাতীয় দল থেকে অবসরের বিষয়ে তিনি আরও বেশি নিশ্চিত হয়েছেন বলেও জানান।

মেসির বাবা হোর্হে মেসি গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

অবসরের ঘোষণা দিয়ে মেসি লেখেন, ফাইনালের পর বিষয়টি নিয়ে অনেক চিন্তা-ভাবনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দলের অংশ হওয়াকে ভালোবাসলেও সময় ফুরিয়ে আসায় এখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মেসি বলেন, জাতীয় দলের জার্সির জন্য তিনি সবসময় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। শুধু সাম্প্রতিক সময়ে নয়, শিরোপা জয়ের আগেও দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ফুটবলের মাধ্যমে সমর্থকদের আনন্দ দেওয়া এবং আর্জেন্টাইন হিসেবে তাদের গর্বিত করাই ছিল তার অন্যতম লক্ষ্য।

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও মেসির। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। তার নেতৃত্বেই ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এছাড়া দলকে দুটি কোপা আমেরিকা শিরোপাও এনে দেন তিনি।

মেসি আর্জেন্টিনাকে তিনবার বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। রেকর্ড আটবার ব্যালন ডি’অর জয়ী এই তারকার মতে, জাতীয় দলকে দেওয়ার মতো তার আর কিছু বাকি নেই।

তিনি বলেন, সময় ফুরিয়ে আসছে এবং অধ্যায়গুলো শেষ হয়ে যাচ্ছে—যা তাকে গভীরভাবে কষ্ট দিচ্ছে। তবে জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি সবসময় ভালোবাসা অনুভব করবেন। একই সঙ্গে নতুন প্রজন্মের বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় উঠে আসায় তাদের জায়গা করে দেওয়ার সময়ও এসেছে বলে মনে করেন তিনি।

সমর্থকদের গত ২০ বছরের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, মাঠ থেকে তাদের কণ্ঠস্বর শুনতে না পারাটা তিনি খুব মিস করবেন। তবে জাতীয় দলের একজন সমর্থক হিসেবে বাইরে থেকে সবসময় দলকে উৎসাহ ও সমর্থন দিয়ে যাবেন।

পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। তাদের সঙ্গে কাটানো সময়ের অসংখ্য স্মৃতি সঙ্গে নিয়ে শান্তি ও গর্বের সঙ্গে বিদায় নিচ্ছেন বলে জানান তিনি।

২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় মেসির। অসংখ্য গোল ও রেকর্ডের পরও ক্যারিয়ারের শুরুর দিকে জাতীয় দলের হয়ে শিরোপা জিততে না পারায় তাকে নিয়ে সমালোচনা ছিল। এমনকি তার নেতৃত্বের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেক আর্জেন্টাইন সমর্থক। শৈশবে স্পেনে চলে যাওয়ার কারণে দেশের প্রতি তার নিবেদন নিয়েও উঠেছিল নানা প্রশ্ন।

২০১৪ সালের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। তবে মারাকানার সেই ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে হেরে শিরোপা থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা। এরপর ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালেও হারের কারণে জাতীয় দলের হয়ে মেসির সাফল্য নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়।

২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তখনও তার বয়স ৩০ বছর হয়নি। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় দলে ফিরে আসেন তিনি। এরপর একে একে কোপা আমেরিকা, বিশ্বকাপসহ বড় শিরোপা জিতে নিজের অপূর্ণতা ঘুচিয়েছেন এই মহাতারকা।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছিলেন তিনি, যদিও পরে সেই রেকর্ড ভেঙে দেন কিলিয়ান এমবাপে। শেষ পর্যন্ত ফাইনালে স্পেনের কাছে হারলেও আন্তর্জাতিক ক্যারিয়ারের সাফল্যের চূড়ায় থেকেই আর্জেন্টিনার অধ্যায় শেষ করলেন মেসি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970