স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৯ প্রাণহানি, পদত্যাগের ঘোষণা পরিবহনমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির আইনপ্রণেতাদের সামনে দুর্ঘটনা নিয়ে দীর্ঘ শুনানিতে বক্তব্য দেওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

অস্কার পুয়েন্তে বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে এত বড় দুটি দুর্ঘটনা ঘটার পর স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রীর দায়িত্বে থাকা তার পক্ষে সম্ভব নয়।

গত ২৮ অক্টোবর মাদ্রিদের দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে রেললাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ৬৯ জন। মাদ্রিদ থেকে সেভিয়া রেলপথে নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়ার পর দুর্ঘটনার সূত্রপাত হয়।

এ পরিস্থিতিতে মাদ্রিদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের একটি দ্রুতগতির ট্রেনকে চলাচলের অনুমতি দেওয়া হয়। অথচ একই লাইনে বেসরকারি প্রতিষ্ঠান ইরিও পরিচালিত আরেকটি ট্রেন দাঁড়িয়ে ছিল। পরবর্তী সময়ে ট্রেন দুটির সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে।

চলতি বছর মাদ্রিদ থেকে সেভিয়া রেলপথে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে একই রেলপথের আরও দক্ষিণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ৪৬ জন। ঘটনার তদন্ত এখনো চলছে।

পুয়েন্তে জানান, ভয়াবহ দুর্ঘটনার পরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এত দিন বিষয়টি প্রকাশ্যে আনেননি।

পরপর দুটি বড় দুর্ঘটনায় স্পেনের রেল যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জাতীয় নির্বাচনের মাত্র চার সপ্তাহ আগে সর্বশেষ দুর্ঘটনাটি দেশটির পরিবহন খাতকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

দ্রুতগতির রেল নেটওয়ার্কের বিস্তারের দিক থেকে বিশ্বে চীনের পরই স্পেনের অবস্থান। তিন দশকেরও বেশি সময় আগে এই নেটওয়ার্ক চালু হওয়ার পর চলতি বছরের আগে দেশটিতে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেনি।

এদিকে মঙ্গলবার রেল নেটওয়ার্কের নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। এর মধ্যে রয়েছে নিয়ন্ত্রণকক্ষের পরিবেশ ও কার্যক্রমের উন্নয়ন এবং ইউরোপীয় মানসম্মত রেল চলাচল ব্যবস্থাপনা ও সংকেত প্রযুক্তি দ্রুত চালুর উদ্যোগ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970