সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আসছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভান। জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি তাকে দলে চেয়েছিলেন। তবে কলেজের ব্যস্ততার কারণে তার বাংলাদেশে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সাফে অংশ নেওয়ার বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিশ্চিত করেছেন রোনান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, রোনান তাকে আজই আসার বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় দলের কমিটির সদস্য না হলেও সভাপতি তাবিথ আউয়ালের নির্দেশনায় প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করছেন ফাহাদ। তিনি বলেন, ‘আজকেই সে আমাকে কনফার্ম করেছেন যে, সে আসতে পারবে। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।’
বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ থাকলেও যুক্তরাষ্ট্রের কলেজ কোচের কাছ থেকে ছুটি পাচ্ছিলেন না রোনান। অবশেষে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছুটি পেয়েছেন তিনি। এ বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘সে ১-১৮ নভেম্বর পর্যন্ত ছুটি পেয়েছে। এই সময় সে সাফে খেলার জন্য প্রস্তুত। আমরা ঐ সময়ের মধ্যে তার জন্য ফ্লাইট টিকিট নির্ধারণ করব।’
এর আগে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনান সুলিভান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ফ্রি-কিক ও হেড থেকে দুটি গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানে জয় এনে দেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন রোনান। তার পানেনকা শটের সুবাদে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
এরপর থেকেই জাতীয় দলের সিনিয়র পর্যায়ে রোনানকে খেলানোর বিষয়ে আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পড়াশোনা ও ফুটবল নিয়ে ব্যস্ত থাকায় বাংলাদেশের হয়ে আর মাঠে নামতে পারেননি তিনি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেও তাকে ছাড়াই খেলেছে বাংলাদেশ।
আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। রোনান ১ বা ২ নভেম্বর ফিলাডেলফিয়া থেকে রওনা হলে ২ বা ৩ নভেম্বর ঢাকায় পৌঁছাতে পারেন। ফলে ভ্রমণক্লান্তি কাটিয়ে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের জন্য খুব বেশি সময় পাবেন না তিনি। এমন পরিস্থিতিতে ৫ নভেম্বরের ম্যাচে কোচ থমাস ডুলি তাকে খেলান কি না, সেটিই দেখার বিষয়। তবে রোনান দলে যোগ দিলে বাংলাদেশের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল অংশ নিতে না পারায় এবার প্রতিযোগিতায় খেলবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১৭ নভেম্বর।