চোট নিয়ে মাঠে নেমে নেইমারের হ্যাটট্রিক, জিতল সান্তোস

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এএম

ছবি: সংগৃহীত

ক্রমাগত চোটের কারণে নেইমারের খেলাব্যস্ততা নিয়ে উদ্বেগ থাকলেও আজ (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকালে ব্রাজিলিয়ান সিরি আ–তে জুভেন্তুর বিপক্ষে ফের আলো ছড়ালেন তিনি। সান্তোসের ৩–০ জয়ে তিনটি গোলই এল নেইমারের পায়ে—ঝলমলে হ্যাটট্রিক।

বিরতির পর মাত্র ১৭ মিনিটে (৫৬, ৬৫, ৭৩ মিনিট) তিনটি গোল করেছেন নেইমার। এর মধ্যে শেষটি এসেছে পেনাল্টি থেকে। এর আগে তিনি সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০২২ সালের ৯ এপ্রিল, পিএসজির হয়ে ক্লেঁয়ারমন্তের বিপক্ষে। অর্থাৎ প্রায় ১৩৩৫ দিন পর ফিরে এল তাঁর হ্যাটট্রিকের স্বাদ।

এই বছর বাঁ হাঁটুতে চোট পাওয়ায় সিজনের বাকি ম্যাচগুলোতে নেইমারের না খেলার সম্ভাবনা ছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমও জানিয়েছিল, সিরি আ–তে বাকি তিন ম্যাচে তাকে পাওয়া যাবে না। কিন্তু নেইমার প্রত্যাশা ভেঙে চোট সত্ত্বেও মাঠে নামলেন, ঠিক যেমন ২৯ নভেম্বর স্পোর্টের বিপক্ষে সান্তোসের ৩–০ জয়ের ম্যাচে করেছিলেন। সেই ম্যাচে গোল করার পাশাপাশি এক গোলও বানিয়েছিলেন। ম্যাচের পর তিনি জানান, অবনমনের শঙ্কায় থাকা সান্তোসকে বাঁচাতে ঝুঁকি নিয়ে মাঠে নেমেছেন।

টানা দুই ম্যাচ জয়ে সান্তোস অবনমন অঞ্চলের সঙ্গে দূরত্ব বাড়াতে পেরেছে। ৩৭ ম্যাচে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট—টেবিলে অবস্থান ১৪তম। অন্যদিকে ভিতোরিয়ার পয়েন্ট ৪২, অবস্থান ১৭তম। অর্থাৎ সান্তোস এখন নিরাপদ অবস্থানেই আছে, তবে শেষ ম্যাচের ফলাফলের ওপর ভাগ্য নির্ভর করছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানায়, নেইমার এখনো ব্যথা নিয়ে খেলছেন। বাঁ হাঁটুর মেনিসকাসে চোট থাকায় প্রতিরক্ষামূলক বন্ধনী পরে মাঠে নামছেন। আগামী রোববার ক্রুজেইরোর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে জয় পেলে শীর্ষ পর্যায়ে থাকার সুযোগ নিশ্চিত হবে।

নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবর মাসে। চলতি মৌসুমে চারবার চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে। মার্চের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা যাবে না তাকে। মার্চে প্রীতি ম্যাচের পর কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপ দলে তার নাম ঘোষণা করবেন। তাই সান্তোসের হয়ে এই সময়টুকুই নেইমারের নিজের সক্ষমতা প্রমাণের শেষ বড় সুযোগ।

ম্যাচের পর তিনি অ্যামাজন প্রাইমকে বলেন, “আমি জানি না মৌসুম শেষে সান্তোসে থাকব কি না। আগে মৌসুম শেষ করতে চাই। সান্তোসই আমার প্রথম অগ্রাধিকার।” ৩৩ বছর বয়সী নেইমার আরও যোগ করেন, “অ্যাথলেট হিসেবে নিজের শরীরের যত্নই আগে দেখি। ক্যারিয়ারের ক্ষতি হতে পারে—এমন কিছু করি না। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর চোটের সঙ্গে লড়ছি। এগুলো কাটিয়ে আবার পুরোপুরি ফেরার চেষ্টা করছি।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970