এক ম্যাচে ৫৩ লাল কার্ড, আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিল

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:২১ এএম

ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর নতুন বিশ্বরেকর্ড গড়েছে ব্রাজিল। দেশটির অনূর্ধ্ব-২০ ফুটবলের একটি ম্যাচে খেলোয়াড় ও কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে বহিষ্কার করেছেন রেফারি। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩৬ জনকে লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল আর্জেন্টিনার দখলে।

রোববার ব্রাজিলের মিনাস জেরাইস অঞ্চলে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় মামোরে ও উবেরলান্দিয়া। ম্যাচে মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ম্যাচ রেফারি ফার্নান্দো প্যাট্রিকের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় পরবর্তী সময়ে ৪০ জন খেলোয়াড় ও আটজন কর্মকর্তাকে লাল কার্ড দেখানো হয়। এর আগে ম্যাচ চলাকালে আরও তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। পাশাপাশি উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে বহিষ্কৃতের সংখ্যা দাঁড়ায় ৫৩ জনে।

দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ঘটনার পর দুই দলের বিরুদ্ধেই পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, উবেরলান্দিয়ার কর্মকর্তারা মামোরের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেছেন। অন্যদিকে মামোরের দলের সদস্যরা স্বাগতিক দলের ড্রেসিংরুমে ভাঙচুর চালিয়েছেন।

রেফারির প্রতিবেদনে সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে বলা হয়েছে, মামোরের তৃতীয় গোল উদ্‌যাপনের সময় প্রতিপক্ষের ডাগআউটের দিকে বিদ্রূপাত্মক অঙ্গভঙ্গি করেন দলটির ফুটবলার দাভি। এতে ক্ষুব্ধ হয়ে উবেরলান্দিয়ার গোলরক্ষক কোচ পাওলো সার্জিও দিয়াস দোস সান্তোস তাকে মোকাবিলা করতে মাঠে প্রবেশ করেন। এরপরই দুই দলের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় বিভিন্ন ব্যক্তি হত্যাসহ নানা ধরনের সহিংসতার হুমকি দেন বলেও প্রতিবেদনে উল্লেখ করেছেন রেফারি। এ ঘটনায় পরবর্তী সময়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি।

এর আগে ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের একটি ম্যাচে ৩৬ জনকে লাল কার্ড দেখানো হয়েছিল। অ্যাতলেটিকো ক্লায়পোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের পর রেফারি এই সিদ্ধান্ত নেন। এতদিন পর্যন্ত এটিই ছিল এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর বিশ্বরেকর্ড। এবার ব্রাজিলের ম্যাচে ৫৩ জন বহিষ্কারের ঘটনায় সেই রেকর্ড ভেঙে গেল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970