এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। তবে ফলাফলে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফল প্রকাশের মধ্য দিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর অপেক্ষার অবসান হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল জানতে পারছেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের ফলাফল বিবরণী ডাউনলোড করতে পারবে।
এ ছাড়া পরীক্ষার্থীরা মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও নিজেদের ফলাফল জানতে পারবেন।