এবার নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের লৌহজং নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশের লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে নদীর ঘাটে যান। একপর্যায়ে নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পান তারা।
স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। শুক্রবার সন্ধ্যার কিছুক্ষণ আগেও অনেকে তাকে নদীতে মাছ ধরতে দেখেছেন। মরদেহ উদ্ধারের পর দেখা যায়, তার দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুকসমান পানিতে ডুবে তার মৃত্যু হওয়ার বিষয়টি কোনোভাবেই বোধগম্য নয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।