সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন, সরকারকে অলি আহমেদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম

ছবি: সংগৃহীত

সরকারকে সময় থাকতে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেছেন, সরকারের ভুলের দায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকেই নিতে হবে। বর্তমানে যারা প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন, বিপদের সময় তাদের অনেককেই পাশে পাওয়া যাবে না।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা, খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অলি আহমেদ বলেন, কয়েক মাস ধরে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারকে সতর্ক করে আসছেন। সভা সমাবেশ করে নিজেদের বক্তব্য তুলে ধরলেও কার্যকর কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে এসব বক্তব্য ব্যক্তিগত স্বার্থে নয়, বরং দেশের ভবিষ্যৎ এবং সঠিক পথে পরিচালনার স্বার্থে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের প্রতিটি সরকারি দপ্তর ও পদের জন্য সুনির্দিষ্ট নিয়মনীতি থাকা প্রয়োজন। রাষ্ট্রের ব্যবস্থাপনা সঠিক না হলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। ইউরোপ ও আমেরিকার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে রাষ্ট্র পরিচালনায় ব্যক্তি নয়, বরং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বাংলাদেশে সেই ব্যবস্থা কার্যকর নেই।

সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে এলডিপির চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জেলা অফিস, জেলা পরিষদ, করপোরেশন, সিটি করপোরেশন ও পৌরসভা কার্যত বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে সরকারি কাজের দরপত্র নিয়ন্ত্রণ, বিভিন্ন ব্যবসায়িক স্বার্থে হস্তক্ষেপ এবং নানা বিষয়ে প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অলি আহমেদ বলেন, দিন শেষে সরকারের সব ভুলের দায় প্রধানমন্ত্রীর ওপরই বর্তাবে। বর্তমানে যারা তার সঙ্গে রয়েছেন, পরিস্থিতি খারাপ হলে তারা নিজেদের দায় অস্বীকার করে সরে যাবেন। তাই সময় থাকতে ভুল সংশোধনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে বারবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নিচ্ছেন না। একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিরোধী দলের দায়িত্ব হলো সরকারকে সঠিক পথে পরিচালিত হতে সহযোগিতা করা। তারা সেই দায়িত্বই পালন করছেন।

১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে অলি আহমেদ বলেন, তৎকালীন বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নেওয়ায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

সরকারকে অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনভিজ্ঞ ও অদক্ষ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কোনো সুফল পাওয়া যাবে না। যারা দেশ ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জানেন, তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। দেশ ও দেশের মানুষ শান্তিতে থাকুক, সেটাই তাদের প্রত্যাশা।

সমাবেশে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970