কারিগরি শিক্ষার এইচএসসি সম্পূরক পরীক্ষার আবেদন শুরু, চলবে ৯ নভেম্বর পর্যন্ত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম

ছবি: সংগৃহীত

২০২৬ সালের কারিগরি শিক্ষার এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ পরীক্ষার আবেদনপ্রক্রিয়া। আগামী ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন যোগ্য শিক্ষার্থীরা।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ছাড়া দ্বিতীয় বর্ষের পরীক্ষার পাশাপাশি প্রথম বর্ষের অনুত্তীর্ণ বিষয়ে পরিপূরক পরীক্ষায় অংশ নিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।

অনলাইনে ফরম পূরণের পর পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় আগামী ১০ নভেম্বর। সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। পরীক্ষার্থীপ্রতি বোর্ড ফি ৪০০ টাকা এবং অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্র ফি হিসেবে দিতে হবে ৪৫০ টাকা।

নির্ধারিত ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে সতর্ক করেছে বোর্ড। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রবেশপত্রে কোনো ধরনের ভুল থাকলে পরীক্ষা শুরুর আগেই তা সংশোধন করতে হবে। এ জন্য নির্ধারিত ৫০০ টাকা জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বোর্ড।

তবে যেসব পরীক্ষার্থীর বহিষ্কারাদেশের মেয়াদ শেষ হয়নি এবং যারা দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তারা সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এ পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970