অক্টোবরে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম
বর্ষা বিদায়ের মাস অক্টোবরে বঙ্গোপসাগরে একাধিকবার আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। এ মাসে সাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অন্তত একটি লঘুচাপ শক্তিশালী হয়ে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার ১ অক্টোবর আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগরে লঘুচাপ কিংবা নিম্নচাপ সৃষ্টি হলে উপকূলীয় এলাকা ও নদী অববাহিকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটতে পারে।
এ মাসে দেশের প্রধান নদ নদীগুলোতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। স্বাভাবিক প্রবাহ বজায় থাকার সম্ভাবনাই বেশি। তবে লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি নদী অববাহিকায় পানির উচ্চতা দ্রুত বেড়ে যেতে পারে।
এদিকে অক্টোবরের প্রথম দুই সপ্তাহের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ধাপে ধাপে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এর মধ্য দিয়ে দেশে বর্ষা মৌসুমের আনুষ্ঠানিক সমাপ্তির দিকে আবহাওয়া এগিয়ে যাবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ দুই থেকে চার মিলিমিটার হতে পারে। একই সময়ে প্রতিদিন গড়ে চার থেকে ছয় ঘণ্টা উজ্জ্বল সূর্যকিরণ থাকার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক আবহাওয়া মডেল, বায়ুমণ্ডলের ওপরের স্তরের পরিস্থিতি এবং বিভিন্ন জলবায়ু সূচকের তথ্য বিশ্লেষণ করে অক্টোবর মাসের এই দীর্ঘমেয়াদি পূর্বাভাস তৈরি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।