সন্ত্রাসীদের পক্ষে তদবির করলে নেতাদের বিরুদ্ধেও দলীয় ব্যবস্থা নেওয়া হবে: জয়নুল আবদিন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে তদবিরকারী নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার ২ অক্টোবর বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

পোস্টে জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে দীর্ঘ ১৬ বছরের নানা যন্ত্রণা সহ্য করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। গত সাত মাস ধরে সরকার দেশকে সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে পরিচালনা এবং জনগণকে সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, এর মধ্যেই তার নির্বাচনী এলাকার কিছু ব্যক্তি ও নেতা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পর তাদের মুক্ত করতে তদবির শুরু করেছেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। তাই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পক্ষে কাউকে তদবির না করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, যারা এসব ব্যক্তির পক্ষে তদবির করছেন, তাদের নাম সংগ্রহ করে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

সবশেষে সবাইকে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান নোয়াখালী ২ আসনের এই সংসদ সদস্য।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970