খাগড়াছড়ি সীমান্তে পাঁচ বস্তায় পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব।
বিজিবি জানায়, শুক্রবার ভোরে মনোরমের টিলা টহল ঘাঁটি থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে জানমারাটিলা ডাউন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পাহাড়ের গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়।
পরে শুক্রবার ভোরে এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, পাঁচটি গুলি, বিভিন্ন ধরনের ৩১ বোতল ভারতীয় মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ৪৭ কার্টন ভারতীয় মনো সিগারেট পাওয়া যায়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।
বিজিবি আরও জানায়, ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
উদ্ধার করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।