হরমুজ প্রণালির দক্ষিণে শক্তিশালী বিস্ফোরণ, মাইনে আঘাতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১১:১১ এএম
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনে আঘাত করায় এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ অংশে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণগুলো ঘটে। ইরানের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচলের সময় তেলবাহী জাহাজগুলো পেতে রাখা মাইনে আঘাত করে থাকতে পারে বলে দাবি করেছে সামরিক সূত্রগুলো।
তবে এ ঘটনায় কতটি জাহাজ জড়িত, সেগুলোর পরিচয় কী, কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই বিস্ফোরণের এ খবর সামনে এল। এর আগে ইরান তেহরানের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল না করতে জাহাজগুলোকে সতর্ক করেছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। এই পথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, তেলের বাজার এবং সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।