ভারতে স্কুলের পানির ট্যাংক পরিষ্কারে নেমে একসাথে ৪ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনে আবাসিক বিদ্যালয়ের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া আরও এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর বিদ্যালয়ের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বৃন্দাবন থানা এলাকার চৈতন্য বিহার কলোনিতে অবস্থিত মহর্ষি পাণিনি সংস্কৃত বিদ্যালয়, যা বৃন্দাবন গুরুকুলম নামেও পরিচিত, সেখানে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যালয়টিতে প্রায় ২০০ শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের মধ্যে প্রায় ১০০ জন আবাসিক হিসেবে সেখানে থাকে।

মথুরার জ্যেষ্ঠ পুলিশ সুপার শ্লোক কুমার জানান, প্রথমে এক শিক্ষার্থী পানির ট্যাংক পরিষ্কার করতে ভেতরে প্রবেশ করে। কিন্তু কিছুক্ষণ পর তার কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর তাকে উদ্ধারের জন্য আরও চার শিক্ষার্থী একে একে ট্যাংকের ভেতরে প্রবেশ করে। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে উপস্থিত লোকজন ট্যাংক থেকে সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চার শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীরা হলেন মনু কাটারা, ঋষভ শর্মা, আর্যন শর্মা ও দেবাংশ। তাদের বয়স যথাক্রমে ২৪, ১৮, ১৮ ও ১৭ বছর। এ ঘটনায় রুদ্র বিদেশ নামের ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী জীবিত উদ্ধার হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানা গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রুদ্র জানান, মোটরের সাহায্যে ট্যাংকের পানি বের করার পর প্রথমে মনু ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়লে বিদ্যালয়ের এক শিক্ষক অন্য শিক্ষার্থীদের ভেতরে গিয়ে তাকে খুঁজে বের করতে বলেন।

রুদ্র জানান, ট্যাংকের ভেতরে প্রবেশ করার পরই তার শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে চোখ বন্ধ হয়ে আসে এবং পা কাঁপতে থাকে। পরে তিনি চিৎকার করে হাত ওপরে তুললে বাইরে থাকা লোকজন দড়ি ও মইয়ের সাহায্যে তাকে এবং অন্যদের ট্যাংক থেকে তুলে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে দমবন্ধ হয়ে শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে।

নিহত এক শিক্ষার্থীর বাবার অভিযোগের ভিত্তিতে বৃন্দাবন থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজার আশীষ শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এদিকে নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সূত্র: এনডিটিভি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970