১৭ হাজার ফুট উচ্চতায় ভারতের বিমানে বজ্রপাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পাটনা থেকে লখনৌগামী ইন্ডিগোর একটি উড়োজাহাজে ১৭ হাজার ফুট উচ্চতায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে উড়োজাহাজটির সামনের অংশের রেডোম ক্ষতিগ্রস্ত হয়। পরে বুধবার লখনৌ বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটিতে ১০৪ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সবাই নিরাপদে উড়োজাহাজ থেকে নামতে সক্ষম হন। নির্ধারিত সময়ের আট মিনিট আগেই উড়োজাহাজটি লখনৌর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ অক্টোবর পাটনা থেকে লখনৌগামী ৬ই ৬২৫ ফ্লাইটটি অবতরণের সময় প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। এ সময় শিলাবৃষ্টিও হয়। এর মধ্যেই উড়োজাহাজটিতে বজ্রপাতের ঘটনা ঘটে এবং সামনের অংশের রেডোম ক্ষতিগ্রস্ত হয়।

নিরাপদে অবতরণের পর ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হয়। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষ হওয়ার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পরই উড়োজাহাজটি আবার যাত্রী পরিবহনে ফিরতে পারবে।

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। বজ্রপাতের কারণে উড়োজাহাজটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি কীভাবে ঘটনাটিকে প্রভাবিত করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত মাসেও ইন্ডিগোর আরেকটি উড়োজাহাজ অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়েছিল। গুয়াহাটি থেকে বেঙ্গালুরুগামী ওই ফ্লাইটটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের সঙ্গে অস্বাভাবিকভাবে ধাক্কা খায়। এতে উড়োজাহাজটির লেজের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ইন্ডিগো জানিয়েছিল, ঝোড়ো আবহাওয়ার মধ্যে অবতরণের সময় ওই ঘটনা ঘটে। পরে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটিও গ্রাউন্ডেড করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970