ইরানে হামলায় ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
ইরানে ভবিষ্যতে সম্ভাব্য হামলায় জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন বাহিনী। বিশাল আকৃতির এই বোমাটি ‘মাদার অব অল বম্বস’ বা ‘মব’ নামে পরিচিত।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ফের হামলার নির্দেশ দিলে এই বোমা ব্যবহার করতে পারে মার্কিন বাহিনী।
সম্প্রতি ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলা শুরু করতে পারে মার্কিন বাহিনী।
‘মাদার অব অল বম্বস’ বিশ্বের বৃহত্তম অ-পারমাণবিক বোমা। মার্কিন অস্ত্রভাণ্ডারে এটিকে বিশেষ গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। ইরানে এই বোমা ব্যবহারের সম্ভাবনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরে হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি ও করণীয় নিয়ে একাধিক বৈঠক করেছেন।
সিএনএনকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সামরিক বাহিনী কোনো অভিযান পরিকল্পনা করার সময় নীতিনির্ধারকদের জন্য বিভিন্ন ধরনের বিকল্প প্রস্তুত রাখে। এসব বিকল্পের মধ্যে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ের আক্রমণাত্মক পদক্ষেপও অন্তর্ভুক্ত থাকে।
ওই কর্মকর্তা বলেন, “মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুগুলোর জন্য বড় বোমার প্রয়োজন হয়, আর ‘মাদার অফ অল বম্বস’ হলো সবচেয়ে বড় বোমা।”
তবে ইরানের পারমাণবিক স্থাপনা ও অন্যান্য ভূগর্ভস্থ স্থাপনার বিরুদ্ধে এই বোমা কতটা কার্যকর হবে, তা নিয়ে মার্কিন সামরিক বাহিনীর মধ্যেই প্রশ্ন রয়েছে বলে জানিয়েছে সিএনএন। সামরিক পরিকল্পনার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য অর্জনে বোমাটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জিপিএস-নির্দেশিত এই বোমাটি প্রায় নয়টি নগর ব্লকের সমান এলাকা ধ্বংস করতে সক্ষম। তবে ইরানের পিকাক্স পর্বতে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার ক্ষেত্রে এটি যথেষ্ট কার্যকর নাও হতে পারে। ধারণা করা হয়, এসব স্থাপনা গ্রানাইট পাথরের পুরু স্তরের নিচে সুরক্ষিত রয়েছে। ইরানের অন্যান্য পারমাণবিক স্থাপনার ক্ষেত্রেও বোমাটির কার্যকারিতা সীমিত হতে পারে।
এ পরিস্থিতিতে ট্রাম্প ‘মাদার অব অল বম্বস’কে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের পাশাপাশি মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবেও ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল আরাবিয়া।