দিল্লিতে শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা অভিজিৎ দীপকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। এ দাবিতে এবার শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। ‘ত্রিরঙ্গা পতাকা উড়িয়ে দাও’ শীর্ষক এ কর্মসূচির অংশ হিসেবে দিল্লির সেন্ট্রাল পার্কে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
যন্তরমন্তরে পতাকা ওড়ানোর ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দুই দিন আগে আটক করা হয়। এর প্রতিবাদে নতুন করে পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিল্লিতে সংবাদ সম্মেলন করেন অভিজিৎ দীপক ও নেহা বোরা। এ সময় গত ১০ অক্টোবর যন্তরমন্তরে হওয়া আন্দোলনের বিষয়ে কথা বলেন অভিজিৎ। ওই দিন দেশটির তরুণদের সেখানে জড়ো হওয়ার কথা থাকলেও বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতির কারণে তারা তা করতে পারেননি। সেখানে যাওয়ার চেষ্টা করা ব্যক্তিদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে অভিজিৎ ও তার সহযোগীরাও ছিলেন। এ ছাড়া ওই দিন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আটক করা হয়।
সংবাদ সম্মেলনে অভিজিৎ বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “সংগঠন, দিল্লির সব তরুণ রাস্তায় লড়াই করছে। তাদের রাস্তা থেকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। নেহাকে নিয়ে যাওয়া হয়েছিল, আয়েশাকে নিয়ে যাওয়া হয়েছিল, ভিল্লাজকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। কার জন্য? জ্ঞানেশ কুমারকে বাঁচানোর জন্য।”
অভিজিৎ আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনারকে রক্ষা করতে কেন এত পদক্ষেপ নেওয়া হয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি।
এদিকে, নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, শুক্রবার ককরোচ জনতা পার্টি ও অন্যান্য তরুণকে দিল্লিতে কোনো আন্দোলন করতে দেওয়া হবে না। পতাকা ওড়ানোর কর্মসূচির জন্য নির্ধারিত সেন্ট্রাল পার্ক ও যন্তরমন্তরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। এসব এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে সূত্রটি।
সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া