পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ৩৫, ৩৪ জনই শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষিকা। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাস চলাকালে স্কুলটিতে এ দুর্ঘটনা ঘটে। ছাদ ধসে হতাহতের এ ঘটনায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম জানান, দুর্ঘটনার পর তাদের হাসপাতালে ৩৩টি মরদেহ আনা হয়। পরে প্রদেশটির ডেপুটি মেডিকেল অ্যাসিসটেন্ট আরও দুই শিশুর মরদেহ হাসপাতালে নেওয়ার তথ্য জানান।

এ ঘটনায় লেডি রিডিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আহত অনেক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৪ বছরের কম।

পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ডাক্তার মিঞা সাঈদ জানান, তিনতলা স্কুলটি জনবহুল দীর কলোনিতে অবস্থিত। এলাকার রাস্তাঘাট সরু হওয়ায় উদ্ধারকাজ চালাতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে।

ছাদ ধসে পড়ার সময় শ্রেণিকক্ষটিতে ৩০ জনের বেশি শিক্ষার্থী ছিল বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা মিঞা সাঈদ আরও বলেন, স্কুল ভবনটিতে অনেক ত্রুটি ছিল। ছাদ তৈরিতে মাটির তৈরি টাইলস ব্যবহার করা হয়েছিল। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় পুরো স্থাপনাটি ধসে পড়ার আশঙ্কা ছিল। এ কারণে প্রথমেই ভবনের ভেতরে থাকা সবাইকে বের করে আনা হয়।

তিনি জানান, ছাদ তৈরিতে ব্যবহৃত মাটির টাইলসগুলোর ওজন বেশি ছিল। অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে ভবনটি ধসে পড়ে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970