নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ থেকে নরওয়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান দলের এক সিনেট প্রার্থীর সমর্থনে আয়োজিত ওই সমাবেশে তিনি বলেন, কয়েকটি দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানালেও নরওয়ের কাউকে তিনি চান না। এর কারণ হিসেবে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।
নরওয়েকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে ট্রাম্প দেশটিকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা দেন। এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ক্ষেত্রেও একই ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন তিনি।
সমাবেশে ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার জন্যও অভিবাসনকে দায়ী করেন ট্রাম্প। তবে নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে তার প্রশাসন নতুন কোনো সরকারি নীতি গ্রহণ করছে, এমন ইঙ্গিত পাওয়া যায়নি।
মাথাপিছু মোট দেশজ উৎপাদনের হিসাবে নরওয়ে বিশ্বের অন্যতম উচ্চ আয়ের দেশ। দেশটির সার্বভৌম সম্পদ তহবিল ২০২৬ সালের প্রথম ছয় মাসে রেকর্ড ১ লাখ ৭৫ হাজার কোটি নরওয়েজীয় ক্রোনার মুনাফা করেছে, যা প্রায় ১৮ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলারের সমান।
চলতি মাসের শুরুতেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়াকে নরওয়ের জন্য ‘অমোচনীয় কলঙ্ক’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নোবেল কমিটির কোনো প্রতিনিধি তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।
সূত্র, রয়টার্স