বাদীকে হুমকি, তানজিন তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ পিএম
ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। এ মামলায় অভিযোগ আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদী সানায়া চৌধুরী পিটিশন মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নেন এবং অভিনেত্রী তানজিন তিশাকে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন।
বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব উল আলমের আদালতে মামলাটি করা হয়। আদালত আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ নভেম্বর ২০২৫ সালে সানায়া চৌধুরী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন নাহার তিশার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা করেন। ওই মামলায় অভিযোগ করা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য নেওয়া শাড়ি ফেরত না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
বাদীর অভিযোগ, মামলা করার পর থেকেই তানজিন তিশা বিভিন্ন সময়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ ও হুমকি দিতে থাকেন। গত ৭ নভেম্বর মোবাইল ফোনে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাকে বিভিন্ন অশালীন ভাষায় হেনস্তা করা হয় বলেও দাবি করেন বাদী।
পরবর্তী সময়ে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর নারাজি আবেদন করেন সানায়া চৌধুরী। আদালত আবেদনটি মঞ্জুর করে আগের তদন্ত প্রতিবেদন পুনরায় অপরাধ তদন্ত বিভাগকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
সানায়া চৌধুরীর অভিযোগ, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আসামিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অজ্ঞাত ব্যক্তিদের পাঠিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। পাশাপাশি তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তাহীনতায় ভুগে এবং থানা কর্তৃপক্ষের পরামর্শে ন্যায়বিচারের আশায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নতুন করে মামলা করেন বলে জানান বাদী।
মামলার নথি অনুযায়ী, সানায়া চৌধুরীর গুলশানের ১২৭ নম্বর সড়কে একটি ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। তার অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি।
শাড়িটি ফেরত চেয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠান সানায়া। এরপর শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তানজিন তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়, ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তানজিন তিশার সঙ্গে দেখা হলে শাড়িটি ফেরত চান সানায়া। তবে তখনও শাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে দাবি তার। পরে ১০ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে ফোন করে তানজিন তিশা মামলা করার এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেন বলে অভিযোগ করেন সানায়া। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
অন্যদিকে, গত ২৫ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছিল।