বিশ্ব দাড়ি দিবস আজ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম
দাড়িকে অনেকের কাছেই পৌরুষের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শুধু তাই নয়, দাড়ির ধরন ও স্টাইলের মাধ্যমে একজন পুরুষের ব্যক্তিত্ব এবং রুচিরও প্রকাশ ঘটে।
নারীদের কাছেও পুরুষের দাড়ি অনেক সময় আকর্ষণের বিষয় হয়ে ওঠে। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ জীবনের প্রায় ৩ হাজার ৩৫০ ঘণ্টা বা ১৩৯ দিন দাড়ির পেছনে ব্যয় করেন। অর্থাৎ দাড়ি কাটা কিংবা সুন্দরভাবে ছেঁটে রাখতেই চলে যায় জীবনের উল্লেখযোগ্য সময়।
আবার অনেকের কাছে নিয়মিত দাড়ি কামানো বা ছাঁটার বিষয়টি ঝামেলার মনে হয়। তাই তারা দাড়ি না কেটে নিজের পছন্দ অনুযায়ী বড় করে রাখেন।
দাড়ি নিয়ে বিখ্যাত ব্যক্তিদের মজার গল্পের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ঘটনাটি বেশ আলোচিত। একদিন ছোট্ট এক মেয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছিলেন লিংকন। চিঠিতে মেয়েটি লিখেছিল, দাড়ি রাখলে তাকে দেখতে আরও সুন্দর লাগবে। সেই চিঠি পাওয়ার পরই লিংকন দাড়ি রাখা শুরু করেন।
এখন দাড়ি ছাড়া আব্রাহাম লিংকনকে কল্পনা করাই কঠিন। একইভাবে দাড়ি ছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও যেন ভাবা যায় না। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরের ক্ষেত্রেও তার দাড়ি তার ব্যক্তিত্বের সঙ্গে মিশে গেছে।
সময়ের সঙ্গে দাড়ির জনপ্রিয়তা আরও বেড়েছে। এর বড় প্রমাণ বর্তমান সময়ের হলিউড ও বলিউড অভিনেতা এবং ক্রিকেটার-ফুটবলারদের মধ্যে দাড়ির নানা ধরনের স্টাইল। জেসন মোমোয়া, কার্তিক আরিয়ান, লিওনেল মেসি কিংবা বিরাট কোহলির দাড়ি তাদের নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্বের অন্যতম অংশ হয়ে উঠেছে।
দাড়ি নিয়ে আজ এত আলোচনা হওয়ার কারণ, আজ বিশ্ব দাড়ি দিবস। প্রতিবছর সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। ২০১০ সাল থেকে দিবসটি পালনের প্রচলন শুরু হয়।
তবে দাড়ি শুধু ব্যক্তিত্ব ও স্টাইলের বিষয় নয়, এর কিছু শারীরিক উপকারিতার কথাও বলা হয়। দাড়ি মুখের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে এবং ঠান্ডা আবহাওয়ায় মুখ উষ্ণ রাখতেও ভূমিকা রাখে।