ব্লু লাইটের চশমা নয়, চোখের ক্লান্তি কমাতে জরুরি যে অভ্যাসগুলো

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

সারাদিন কম্পিউটার, ল্যাপটপ কিংবা মুঠোফোনের পর্দায় চোখ রাখার কারণে অনেকেই চোখের সুরক্ষায় ব্লু লাইট ফিল্টার করা চশমা ব্যবহার করেন। ক্ষতিকর আলো থেকে চোখ রক্ষার প্রতিশ্রুতিতে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে এসব চশমা। তবে চোখের ক্লান্তি কমাতে এই চশমা কতটা কার্যকর, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

শার্প সাইট আই হসপিটালের জ্যেষ্ঠ পরামর্শক চিকিৎসক ফিরদৌস কৌসারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ চশমা এবং ব্লু লাইট ফিল্টার করা চশমা ব্যবহারকারীদের তুলনা করে পরিচালিত নিয়ন্ত্রিত গবেষণায় চোখের ক্লান্তি কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় পর্দার দিকে তাকিয়ে থাকার কারণে চোখের ক্লান্তির জন্য শুধু ব্লু লাইটকে দায়ী করা ঠিক নয়। দীর্ঘক্ষণ পর্দার দিকে তাকিয়ে থাকলে মানুষ স্বাভাবিকের তুলনায় কম এবং অসম্পূর্ণভাবে পলক ফেলেন। এতে চোখের ওপরের আর্দ্রতা দ্রুত কমে গিয়ে শুষ্কতা ও অস্বস্তি দেখা দিতে পারে।

এ ছাড়া দীর্ঘ সময় কাছ থেকে পর্দা দেখার কারণে চোখের ফোকাস করার পেশিতে চাপ তৈরি হয়। পর্দার ভুল উচ্চতা বা দূরত্ব এবং পুরোনো পাওয়ারের চশমা ব্যবহার করলেও চোখের ক্লান্তি বেড়ে যেতে পারে।

তবে সন্ধ্যার পর অতিরিক্ত ব্লু লাইট শরীরে মেলাটোনিনের মাত্রা কমিয়ে ঘুমের স্বাভাবিক সময়সূচিতে প্রভাব ফেলতে পারে। এ ক্ষেত্রে ঘুমানোর আগে ব্লু লাইট ফিল্টার করা চশমা কিছুটা উপকারী হতে পারে। যদিও ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে পর্দার ব্যবহার কমিয়ে দিলেও একই ধরনের উপকার পাওয়া সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, চোখের যত্নে দামি চশমার চেয়ে কিছু সাধারণ অভ্যাস বেশি কার্যকর হতে পারে। এ জন্য ২০ ২০ ২০ নিয়ম মেনে প্রতি ২০ মিনিট পর অন্তত ২০ সেকেন্ডের জন্য প্রায় ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সচেতনভাবে সম্পূর্ণ পলক ফেলা, পর্দা চোখের উপযুক্ত উচ্চতা ও দূরত্বে রাখা এবং প্রয়োজন হলে চশমার পুরোনো পাওয়ার পরীক্ষা করানো উচিত।

অর্থাৎ, ব্লু লাইট ফিল্টার করা চশমা ক্ষতিকর নয়, তবে এটি চোখের সব ধরনের সমস্যার সমাধানও নয়। দীর্ঘ সময় পর্দা ব্যবহারের কারণে চোখের ক্লান্তির প্রকৃত কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় অভ্যাস পরিবর্তন করাই বেশি কার্যকর হতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970