রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর শেষ মুহূর্তে স্থগিত
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্তুতি। তবে শেষ মুহূর্তে অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।
জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা ছিল। তবে অনিবার্য কারণে নির্ধারিত সফরসূচি স্থগিত করা হয়েছে।
তিনি জানান, আগামী এক-দুই দিনের মধ্যে রাষ্ট্রপতির নতুন সফরসূচি নির্ধারণ করা হতে পারে।
এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছিল, ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি।
সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে আবাসন, যানবাহনসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতিও শুরু করে।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই প্রথম সফর হওয়ার কথা থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সফরকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়েও বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
তবে মঙ্গলবার সফর স্থগিতের খবর আসায় আপাতত সেই কর্মসূচি হচ্ছে না। নতুন তারিখ নির্ধারণ হলে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর ঘিরে আবারও প্রশাসনিক প্রস্তুতি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।