ছাত্রীকে নিয়ে পালালো শিক্ষক
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ এএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় এক শিক্ষকের বিরুদ্ধে নিজ স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. জনি। তিনি স্থানীয় 'ধানসিঁড়ি' স্কুলে কর্মরত। এদিকে, দীর্ঘদিন ধরে বিষয়টি জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীর পরিবার।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিঁড়ি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফার সাথে শিক্ষক জনির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেননি।
ঘটনার ধারাবাহিকতায়, গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) আনুমানিক বিকেল ৩:০০ ঘটিকার সময় শিক্ষার্থী আলিফা কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। বেশ কিছু সময় পার হওয়ার পর তাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নেওয়া শুরু করেন। একপর্যায়ে স্বজনরা নিশ্চিত হন যে, শিক্ষক জনির সাথেই সে আত্মগোপন করেছে।
এলাকাবাসীর অভিযোগ, শিক্ষক ও ছাত্রীর এমন অনৈতিক সম্পর্কের বিষয়টি বহুল আলোচিত হলেও প্রতিষ্ঠাতা নুরুল বিষয়টি এড়িয়ে গেছেন। প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সত্ত্বেও তার এমন দায়িত্বজ্ঞানহীন ও উদাসীন আচরণের সুযোগ নিয়েই শিক্ষক জনি অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার দুঃসাহস দেখিয়েছেন।
অভিযোগের ব্যাপারে জানতে প্রতিষ্ঠাতা নরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় শিক্ষার্থীর অভিভাবকদের অভিযুক্ত শিক্ষক জনিকে দ্রুত গ্রেফতার এবং অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে উদ্ধারের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রধানের চরম গাফিলতির সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি তুলেছেন তারা।