দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়ল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম
ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আগে দাম্মাম রুটে ২৬ অক্টোবর এবং রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।
বিমান বাংলাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে জরুরি প্রয়োজনে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এসব বিমানবন্দর দিয়ে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফিরে আসার সুযোগ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা ও জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে, ঢাকা ও মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ।
স্থগিত থাকা ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গত ১০ অক্টোবর রাতে হুতিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর থেকে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বাতিল ও স্থগিত হতে শুরু করে। এ নিয়ে এখন পর্যন্ত তিন দফায় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।