প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের মাধ্যমে দেশে নতুন জাপানি বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, এই সফর প্রত্যাশার চেয়েও বেশি সফল হবে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ ৩১ নিয়ে আয়োজিত এক জাতীয় সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূতদের ডেকে পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার কখন কোন রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে, তা একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়।
এর আগে সংলাপে মূল বক্তব্য দিতে গিয়ে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জলবায়ু পরিবর্তনবিষয়ক শাখা খোলা হয়েছে।
জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অভিন্ন বক্তব্য তুলে ধরতে হবে। এ জন্য সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের সমস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, নারী ও শিশুদের সংকট বিবেচনায় না নিলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করা অসম্ভব।