ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচার চলছে: প্রেস উইং

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। প্রকাশিত ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা সম্পাদিত দাবি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি নিয়ে নানা ধরনের প্রচার শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে ছবিটি নিয়ে অপপ্রচারের বিষয়টি তুলে ধরে প্রেস উইং।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান।

অনুষ্ঠানে অংশগ্রহণের একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানো হয়। পরে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়। তবে একটি পক্ষ মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করছে। এ জন্য এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আরেকটি ছবি যুক্ত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

প্রেস উইং জানায়, প্রচারিত ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি দৃশ্য ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের অবয়ব হিসেবে দেখানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানে অংশগ্রহণের প্রকৃত ছবিটিকে মিথ্যা দাবি করে ওই কৃত্রিমভাবে তৈরি ছবিকে সত্য হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

এদিকে আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী সংবাদমাধ্যম পামফ্লেতি ডট নেট গত ২ অক্টোবর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের কথিত ছবিটি যাচাই করে। প্রতিবেদনে ছবিটিকে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ও সম্পাদিত বলে উল্লেখ করা হয়।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, যে ছবিটিকে সংশ্লিষ্ট প্রতিবেদনে কৃত্রিমভাবে তৈরি ও সম্পাদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে, বর্তমানে সেটিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের সংবর্ধনায় অংশগ্রহণের প্রকৃত ছবিকে বিতর্কিত করার চেষ্টা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970