অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ পিএম

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমান করার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে সাধারণ যাত্রী ও বিদেশফেরত প্রবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ, ভোগান্তি ও নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে কার্যত ভুক্তভোগী মানুষের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছিলেন।

কর্তৃপক্ষের আচরণের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে উল্লেখ করে জামায়াত আমির আরও বলেন, ‘জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970