সুপারিশ পেয়েও নিয়োগ পাননি শতাধিক শিক্ষকপ্রার্থী, আমরণ অনশনের ঘোষণা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগ থেকে বাদ পড়া শতাধিক প্রার্থী আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। নিয়োগপত্র ইস্যুর দাবিতে রোববার (৪ অক্টোবর) সকাল থেকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করবেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
নিয়োগবঞ্চিত প্রার্থীদের অভিযোগ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা চূড়ান্ত সুপারিশপত্র পেয়েছিলেন। প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেওয়ার পরও শেষ পর্যায়ে এসে তাদের নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ তাদের কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ড নেই।
কী কারণে তাদের নিয়োগ দেওয়া হয়নি, সে বিষয়েও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে দাবি করেছেন তারা। এতে শতাধিক যোগ্য প্রার্থী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিয়োগবঞ্চিত প্রার্থীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আবু তালহা জানান, সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর গত ২৪ সেপ্টেম্বর ভেরিফিকেশনের তালিকা থেকে তার নাম বাদ পড়ে।
পরবর্তী সময়ে বাদ পড়া প্রার্থীদের দ্বিতীয় দফায় যাচাই শেষে গত ১ অক্টোবর নতুন আদেশ জারি করা হয়। এতে তার জেলা গাইবান্ধার আরও ছয়জন নিয়োগপত্র পেয়েছেন। তবে গোবিন্দগঞ্জ উপজেলায় সুপারিশপ্রাপ্ত ৯৫ জনের মধ্যে ৯৪ জন নিয়োগপত্র পেলেও একমাত্র তিনি কোনো কারণ ছাড়াই নিয়োগবঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেন আবু তালহা।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের কর্মপরিবেশ ও দায়িত্ব সম্পর্কে ধারণা দিতে রোববার থেকে পাঁচ দিনব্যাপী প্রাথমিক পরিচিতিমূলক প্রশিক্ষণ শুরু হচ্ছে।
আগামী ৮ অক্টোবর পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা নতুন শিক্ষকদের ১১ অক্টোবর নিজ নিজ বিদ্যালয়ে পদায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।