আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীতে বেপরোয়া অটোরিকশা চলাচল, বিরোধী দলের বক্তব্য এবং বিদ্যুৎ ও গ্যাসসংকট নিয়ে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রাজধানীতে অটোরিকশার বেপরোয়া চলাচল প্রসঙ্গে চিফ হুইপ বলেন, এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব।

জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া রাজনৈতিক পক্ষের নেতাদের বক্তব্যের সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, তাদের অনেকের বক্তব্য অশ্লীল। ৫ তারিখের পর থেকে এ ধরনের বক্তব্য শুনতে হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে অশ্লীলতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

সরকার গঠনের পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বিরোধী দলের লংমার্চ আয়োজনেরও সমালোচনা করেন তিনি। চিফ হুইপ বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। প্রতিবারই বিএনপি দেশকে সেই সংকট থেকে টেনে তুলেছে। পাশাপাশি সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও দাবি করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কারণে দেশে বর্তমানে বিদ্যুৎসংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় গত দুই বছর হামের টিকা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন চিফ হুইপ। তিনি বলেন, হামের টিকা যথাযথভাবে না দেওয়ার খেসারত বর্তমান সরকারকে দিতে হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970