ভোটাভুটিতে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম
পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গ্রহণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে মজুরির অঙ্ক নিয়ে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকার প্রস্তাব গৃহীত হয়।
সভায় দীর্ঘ আলোচনা হলেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির নির্দিষ্ট অঙ্ক নিয়ে একমত হতে পারেননি। পরে বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। অন্য দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। ফলে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা।
আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের সময় থেকেই শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন।