চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করা এবং বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ ও সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
হুমায়ুন কবির বলেন, জাপান সফরে বাংলাদেশের প্রধান লক্ষ্য থাকবে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক বিনিয়োগ বাড়ানো।
তিনি জানান, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ধারাবাহিকতায় জাপান সফরেও বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে পারস্পরিক বিনিয়োগের অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।
জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশটির বিনিয়োগে বাস্তবায়িত কয়েকটি বৃহৎ প্রকল্প দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও জানান, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে তারেক রহমান এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি সংকট এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিয়ে জাপানের উদ্যোগে আয়োজিত একটি অনলাইন সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
হুমায়ুন কবিরের ভাষ্য, ওই সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের প্রতি জাপান সরকারের আস্থা বাড়াতে সহায়তা করেছে।
আসন্ন সফরে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক বিনিয়োগের নতুন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফরের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তারেক রহমান ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন। শিগগিরই সুবিধাজনক সময়ে তিনি সৌদি আরব সফর করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অভিবাসনবিষয়ক গবেষণা কেন্দ্র যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।