অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঢাকা রিয়াদ রুটের বিমানের ফ্লাইট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা রিয়াদ ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে সংস্থাটির নির্ধারিত দুটি ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ রুটে বিমানের নির্ধারিত বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইটের সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে ভোগান্তি তৈরি হয়েছে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

এদিকে, এ পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা পেতে ভুক্তভোগী যাত্রীদের বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানিয়েছে, পরবর্তী তথ্য পাওয়া মাত্রই সংস্থাটির আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970