‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের সংবিধান ও জনগণের ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী সোমবার রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। একই ইস্যুতে জোটের শীর্ষ নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া আগামী সোমবার দেশটির প্রধান বিচারপতির সঙ্গেও তাদের সাক্ষাতের কথা রয়েছে।

শনিবার কেরালার আলাপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

তিনি বলেন, সংবিধান ও জনগণের ভোটাধিকার সুরক্ষার আন্দোলনের অংশ হিসেবে দিল্লিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোটের আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করেন বেণুগোপাল। তার অভিযোগ, নির্বাচন কমিশনারকে আড়াল করার এই প্রচেষ্টা একসময় মোদি ও শাহের রাজনৈতিক পতনের কারণ হতে পারে।

কংগ্রেসের এই নেতা আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণে তার পতনের আশঙ্কা স্পষ্ট হয়ে উঠছে। বিরোধীদের আন্দোলন নিয়েও তিনি উদ্বিগ্ন বলে মন্তব্য করেন বেণুগোপাল।

দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বেণুগোপালের দাবি, বিক্ষোভ ঠেকাতে রাজধানীতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে দিল্লির রেল যোগাযোগও বন্ধ রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ছাড়া রাজধানীতে হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে কেরালায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে কংগ্রেস। দলটির পক্ষ থেকে এ কার্যক্রমের ওপর নিবিড় নজরদারি রাখা হচ্ছে বলে জানান বেণুগোপাল।

এ ছাড়া নির্বাচন কমিশনের প্যাডে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রতীক পদ্মের ছবি দেখা যাওয়ার সাম্প্রতিক বিতর্কের বিষয়টিও তুলে ধরেন তিনি। বিরোধীদের অভিযোগ, এ ধরনের ঘটনা ভারতের নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970