নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। গঠিত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৩ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি সভা করতে পারবে। একই সঙ্গে প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে। কমিটির কার্যক্রম পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
দেশের বিমানবন্দরগুলোর বর্তমান নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে তা আরও কার্যকর ও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে এসব সুপারিশ সরকারের কাছে জমা দিতে হবে।