কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না: হুইপ দুলু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

ছবি: সংগৃহীত

কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল। যারা নৈরাজ্য করে। যারা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে। হেলপার-ড্রাইভারকে যারা পুড়িয়ে মারে। তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?’

তিনি আরও বলেন, ‘আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? এই সন্ত্রাসী রাজনৈতিক দল যারা, এই ১৭টা বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছে। আমরা সন্ত্রাস, অগ্নিকাণ্ড, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়া, মানুষকে পুড়িয়ে ফেলা এই রাজনীতি বিএনপি করে না, তারেক রহমান করে না, খালেদা জিয়াও কখনো করে না।’

দুলু বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবং বিরোধীদলের নেতা বলেছেন পার্লামেন্টে গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতেই পারে সরকার-বিরোধীদের; কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই।’

তিনি আরও বলেন, ‘আমার জামায়াত, এনসিপি সকল রাজনৈতিক দল যেভাবে ৫ই আগস্ট ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে আমরা নামিয়েছি, দেশের জনগণ ঠিক একইভাবে আগামী ডিসেম্বর মাস, বিজয়ের মাস, আমরা সারামাস নাটোরের জনগণকে নিয়ে আমরা রাস্তায় থাকবো।’

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970