নেপালকে ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্যাকেজ দিচ্ছে ভারত, সই ৮ সমঝোতা স্মারক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
নেপালের উন্নয়ন ও পুনর্গঠনে প্রায় ১৫ হাজার কোটি ভারতীয় রুপির সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা। একই সঙ্গে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের দ্বিপক্ষীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর।
বৈঠক শেষে নরেন্দ্র মোদী বলেন, ভারত ও নেপালের সম্পর্ক দীর্ঘদিনের আস্থা ও বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। কঠিন সময়ে দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ভারতের সহযোগিতার প্রশংসা করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এ সময় তিনি নরেন্দ্র মোদীকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।
সই হওয়া সমঝোতা স্মারকগুলোর আওতায় স্বাস্থ্য, চিকিৎসা, মহাকাশ গবেষণা, নগর উন্নয়ন, প্রশিক্ষণ ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো হবে।
পাশাপাশি দুই দেশের মধ্যে কয়েকটি যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করা হয়। এ ছাড়া নতুন কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সূত্র: এনডিটিভি।