ডিসেম্বরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম
বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। তাদের ঢাকায় স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দুই দেশ মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে দেশ দুটির সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দেশটি সফর করেন।
এ ছাড়া ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।