এনসিপির সঙ্গে বৈঠকের পর জুলাই সনদ নিয়ে যা জানাল সরকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন জানিয়েছেন, নোট অব ডিসেন্টসহ সই করা জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মাহ্‌দী আমিন বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত সরকার রাজনৈতিক সহাবস্থান করতে চায়, আজকের বৈঠকে তার প্রমাণ দেখা গেছে। এই মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।

তিনি বলেন, দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। পতিত স্বৈরাচারের নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্যবদ্ধ রয়েছে। নতুন করে ঐক্যের প্রশ্ন নেই। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নেও ঐক্য রয়েছে। গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশের পথে সবাই মিলে এগিয়ে যাবে।

ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও সুসংহত করতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলেও জানান মাহ্‌দী আমিন।

এনসিপির দাবির বিষয়ে তিনি বলেন, দলটি তাদের বক্তব্য তুলে ধরেছে। প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান জানিয়েছেন।

বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970