যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদার। যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সবসময় প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মহড়া শেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি গর্বিত। দেশের ইতিহাসে এই প্রথম তিন বাহিনীর বিশেষায়িত বাহিনী একসঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।

তিনি আরও বলেন, এই মহড়ার মাধ্যমে বিশ্বের কাছে স্পষ্ট বার্তা যাবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। মহড়াটির পেছনে সরকারের দূরদর্শী পরিকল্পনা ও সামরিক বাহিনীর আধুনিকায়নের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশের গর্ব। ভবিষ্যতেও যেকোনো সংকট ও প্রতিকূল পরিস্থিতিতে দেশের জন্য দায়িত্ব পালনে তারা অবিচল থাকবে।

এর আগে প্রথমবারের মতো প্রতীকী যুদ্ধক্ষেত্র পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। এ সময় প্রধানমন্ত্রীর সামনে নিজেদের সামরিক সক্ষমতা ও দক্ষতা প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

যৌথ সামরিক মহড়ার মূল প্রেক্ষাপট ছিল খনিজসম্পদে সমৃদ্ধ স্বর্ণদ্বীপকে শত্রুপক্ষের দখল থেকে মুক্ত করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দখল হয়ে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধারের কৌশলগত অনুশীলনে স্থল, নৌ ও আকাশপথে একযোগে অভিযান পরিচালনা করেন তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা।

মহড়ায় আকাশ থেকে প্যারাকমান্ডোদের অবতরণ এবং শত্রুপক্ষের ঘাঁটি লক্ষ্য করে অবস্থান নেওয়ার মাধ্যমে বিমানবাহিনীর সক্ষমতা তুলে ধরা হয়।

অন্যদিকে, নৌকমান্ডোদের বিশেষ অভিযান এবং স্থলপথে সম্মুখযুদ্ধের মাধ্যমে শত্রুর দুর্গ ধ্বংসের কৌশল প্রদর্শন করেন সেনাবাহিনীর কমান্ডোরা।

এবারের যৌথ প্রশিক্ষণ মহড়ায় সেনাবাহিনীর প্যারাকমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970