সেনাপ্রধানকে পাশে বসিয়ে স্বর্ণদ্বীপে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সামরিক যানের পাশের আসনে ছিলেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। প্রধানমন্ত্রীর সামরিক যান চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণের কিছুক্ষণ পরই তাকে সামরিক যান চালাতে দেখা যায়।

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে তার হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে পৌঁছালে সেনাপ্রধান তাকে স্বাগত জানান।

এর আগে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম জানান, স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত বিশেষ যৌথ প্রশিক্ষণের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর অংশগ্রহণে একাধিক যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970