‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ মৃত্যুর আগে স্পেন প্রবাসী আলিফের আকুতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৩৬ এএম

ছবি: সংগৃহীত

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ জীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের কাছে এমন আকুতি জানিয়েছিলেন স্পেনপ্রবাসী বাংলাদেশি ইউসুফ হাসান আলিফ (২৭)। তবে শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি তাকে। স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন এই তরুণ।

রোববার (৩০ আগস্ট) মাদ্রিদের আরগানজুয়েলা জেলার মেট্রো পালস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস ১৭ নম্বর সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত ইউসুফ হাসান আলিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। ভাগ্যের চাকা ঘোরাতে কিছুদিন আগেই স্পেনে পাড়ি জমিয়েছিলেন তিনি। দেশটির নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর ঘটনার মাত্র দুই দিন আগে কাজের অনুমতিও পেয়েছিলেন আলিফ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে গ্যারেজে গিয়েছিলেন আলিফ। সেখানে হঠাৎ একটি বৈদ্যুতিক বাইসাইকেলের ব্যাটারি বিস্ফোরিত হলে মুহূর্তেই গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আলিফসহ তার দুই সহকর্মী আগুনে দগ্ধ হন।

খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গ্যারেজে জমে থাকা বিষাক্ত গ্যাস বের করে দেওয়া হয়। নতুন করে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে গ্যারেজে থাকা অন্যান্য বৈদ্যুতিক বাইসাইকেলও বাইরে সরিয়ে নেওয়া হয়।

ঘটনাস্থলে চিকিৎসকরা ইউসুফ হাসান আলিফকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ তার অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাত্র দুই দিন আগে কাজের অনুমতি পাওয়া আলিফের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970