জয়পুরহাটে চলন্ত নীলসাগর এক্সপ্রেস থেকে পড়ে ক্যানটিন কর্মীর মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম
জয়পুরহাটে চলন্ত নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে রাশেদুল ইসলাম নামে এক ক্যানটিন কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার তেঘর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব গাছগাছি গ্রামের আরমান হোসেনের ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি তেঘর রেলগেট এলাকা অতিক্রম করার সময় অসাবধানতাবশত ট্রেন থেকে নিচে পড়ে যান রাশেদুল ইসলাম। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রেলওয়ে পুলিশ মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।