স্ত্রীর সম্মান রক্ষা করতে ডাকাতদের সঙ্গে লড়াই, গুলিবিদ্ধ স্বামী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ডাকাতদের বিরুদ্ধে। বাধা দিতে গেলে প্রবাসীর ছেলে নাইমের (২২) হাঁটুর ওপরে গুলি করে ডাকাতরা। পরে দুই বছর বয়সী শিশুর মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুট করে তারা পালিয়ে যায়।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী রুমা বেগম জানান, তার স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। ঘটনার রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৫-৬ জন ডাকাত দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির বাইরে আরও কয়েকজন ডাকাত অবস্থান করছিল।

ঘরে ঢুকেই ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর শুরু করে। একপর্যায়ে তারা রুমা বেগমের পুত্রবধূ রেজবিকে (১৮) ধর্ষণের চেষ্টা করে। এতে নাইম বাধা দিলে ডাকাতরা তার হাঁটুর ওপরে গুলি করে।

এরপর দুই বছর বয়সী শিশু তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে পরিবারের সদস্যদের ভয় দেখানো হয়। একপর্যায়ে ডাকাতরা ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন নিয়ে পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970