পটুয়াখালীতে কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪০ এএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার জন্য নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক কাঠমিস্ত্রি বাবার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. মারুফ ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

পরিবারের সদস্যদের অভিযোগ, শনিবার সকালে মারুফ তার মা মাহফুজা বেগমকে জানান, শিশুপুত্র মুসাকে নিয়ে বাজারে ঘুরতে যাবেন। এরপর শিশুটিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। দীর্ঘ সময় পার হলেও বাবা-ছেলে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকার বিনিময়ে শিশু মুসাকে দেওয়া হয়েছে। পরিবারের দাবি, আইফোন কেনার জন্য ওই টাকা নেওয়া হয়েছে।

মারুফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আইফোন কেনার জন্য নিজের শিশুপুত্র মুসাকে ইমরান হোসেনের কাছে এক লাখ টাকায় লিখিতভাবে দেওয়ার কথা স্বীকার করেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শিশুটিকে দেওয়ার বিনিময়ে পাওয়া টাকা দিয়ে তিনি ঢাকায় গিয়ে পুরোনো আইফোন দিয়ে নতুন আইফোন কেনেন।

এদিকে ঘটনার পর থেকে মারুফ পলাতক রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। শিশুটিকে নেওয়ার কথা স্বীকার করেছেন ইমরান হোসেনও। তিনি জানান, মারুফ দীর্ঘদিন ধরেই তার শিশুপুত্রকে দেওয়ার কথা বলে আসছিলেন। তার শ্বশুরের পাঁচ মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। এ কারণে পরিবারের সবার সঙ্গে আলোচনা করে এক লাখ টাকার বিনিময়ে লিখিতভাবে শিশুটিকে নেওয়া হয়। পরে শনিবার বিকেলে শিশুটিকে শ্বশুরবাড়িতে দিয়ে আসেন তিনি।

শিশুটির দাদি মাহফুজা বেগম বলেন, প্রায় চার বছর আগে মারুফ ঢাকার সাভার থেকে বৃষ্টি নামে এক তরুণীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। প্রায় তিন বছর পর তাদের ঘরে মুসার জন্ম হয়। প্রায় এক মাস আগে পারিবারিক বিষয় নিয়ে মারুফ ও তার স্ত্রী বৃষ্টির মধ্যে কথা-কাটাকাটি হলে বৃষ্টি বাবার বাড়িতে চলে যান। এরপর মারুফ কিছুদিন বাড়িতে থাকার পর ঢাকায় চলে যান। গত শুক্রবার সন্ধ্যার আগে তিনি বাড়িতে ফেরেন।

তিনি বলেন, ‘শনিবার সকালে মারুফ আমাকে বলে, মা, তোমার নাতিকে জামাকাপড় পরিয়ে দাও। আমি ওকে নিয়ে বাজারে একটু ঘুরতে যাব। পরে সন্ধ্যা হয়ে গেলেও ছেলে ও নাতির কোনো খোঁজ পাইনি। খোঁজাখুঁজির পর জানতে পারি, আইফোন কেনার জন্য এক লাখ টাকার বিনিময়ে মুসাকে বিক্রি করেছে বলে মারুফ স্বীকার করেছে। আমি আমার নাতিকে ফিরে পেতে চাই এবং প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। শিশুটিকে যে ব্যক্তি নিয়েছেন, তাকে থানা হেফাজতে আনা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ সরেজমিনে কাজ করছে। শিশুটিকে উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970