আমাকে মিথ্যার ওপর ভিত্তি করে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ এএম

ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, মিথ্যা ও অন্যায়ের ভিত্তিতে তাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, তিনি প্রায় সাড়ে ১৭ বছর কারাগারে ছিলেন। অন্যায়ভাবে ও মিথ্যার ভিত্তিতে তাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চাইলে তিনি তাকে সাধুবাদ জানাবেন বলেও মন্তব্য করেন।

বিগত সরকারের আমলে নিজের ওপর হওয়া অন্যায়ের কথা তুলে ধরে বাবর বলেন, তার বিচার সম্পূর্ণ অন্যায় ও মিথ্যার ওপর ভিত্তি করে হয়েছিল।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তিনি চাইলে দেশে ফিরতে পারবেন। তবে তার বিষয়ে আইন নিজস্ব গতিতে চলবে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জাতিসংঘ তদন্ত করছে বলেও উল্লেখ করেন বাবর। তিনি বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হয়ে আদালতের রায় মেনে নেবেন—এটাই দেশের মানুষের প্রত্যাশা বলে মন্তব্য করেন তিনি।

এ সময় দলের নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, জেলে থাকাকালীনও তিনি মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

বাবর বলেন, মাদক সব ধরনের অপরাধের মূল। মাদকের কারণে পরিবার, সমাজ, এলাকা ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। মাদক না পেলে অনেকে চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতা এমনকি হত্যার মতো অপরাধেও জড়িয়ে পড়ে। তাই মাদক কারবারিদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন লুৎফুজ্জামান বাবর। তিনি কলেজ প্রাঙ্গণে নিজ হাতে একটি চারা গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন সুলতানা এবং পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. হুমায়ুন মিয়া। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970